Elige una pista para reproducir
আকাশ বড় কৃপাসিন্ধু । ঝাকাস রোদে উড়ন্ত সব জোকার
বেকার ছিলাম অ্যাদ্দিন, আজ কাজ পেয়েছি গায়ের গন্ধ শোঁকার
নতুন-নতুন ছেলেমেয়ের শরীর কেমন গোছানো, ফুরফুরে
পাক ধরেছে দাবার ছকে, ডাক পড়েছে যাবার, দূরে-দূরে
ট্রাম-বাসে খুব ঝক্কি। তবু লক্ষ্মীছেলের ভাব করে ভীড় ঠেলি
বাতাস বড় করুনাময় সাতাশ বছর পাঁউরুটিতে জেলি
পার করে আজ হ্যামবার্গার ঘ্যাম বেড়েছে শ্যামসোহাগী রাধার
ঘুম আসেনা। বালিশ থেকে নালিশ জানায় রংবেরঙের ধাঁধা
জীবন তবু প্রেমদিওয়ানা। পাহাড়ি পথ... পিছু নিলো পুলিশ
এবং গাড়ি ধাক্কা খাবেই। স্বপ্ন ভাঙবে গম্ভীর আব্বুলিশ
উঠে দেখব ছাঁটাই হওয়া দেবদূতেরা জল মেশাচ্ছে বিষে
কিন্তু কিচ্ছু করারটি নেই। অ-এ অজগর ঘুমোচ্ছে কার্নিশে -–
ধুশ্ শালা সব ফালতু। ওসব ধান্দাবাজির বান্দা আমি নই
মুখের ওপর দরজা বন্ধ, বুকের ওপর উল্টে রাখা বই
দিনের পরে দিন যে গেল একইরকম বৈশাখে-আশ্বিনে
আবার ভাবি মদ খাব না। আবার গড়াই ভদকা থেকে জিনে
কুড়োই, কিন্তু ফুরোই না এই অসভ্যতার খেলায়
সিঁড়ির মুখে বিড়ি ধরাই, ছিরির লড়াই গুরুতে আর চ্যালায়
ঘুমোক। ওকে ডাকব না আর। রাখব না আর কারোর কোনও কথা
দরজাগুলো আটকাবো আর ধাক্কাব আর পাক খাব অযথা
কিন্তু আমি ঘুমোচ্ছি। দু'চোখ থেকে খসে পড়ছে তারা
ঘুমের ভেতর মুখ বাড়াচ্ছে গোটাদুয়েক খাপছাড়া চেহারা
'জীবন কিন্তু প্রেমদিওয়ানা, সাবধানে তার গায়ের গন্ধ শুঁকো—'
বলছে আমায় উড়ন্ত দুই পাগলা জোকার – দেরিদা আর ফুকো।