রাত্রি পেরিয়ে ভোর
সূর্য ওঠেনি আজ
জলছবি আঁকা হাওয়া
বন্ধ রেখেছে কাজ
কূজন হারানো পাখি
আকাশে মেলে না ডানা
বাগানে আসেনি মালি
লাজুক হাসনুহানা
নদীতে খেলে না মাছ
চাষীরা যায়নি মাঠে
গোয়ালা আসেনি আজ
ধোপারাও নেই ঘাটে
শিশিরস্নাত পৃথিবী
ভিজে মাটি সোঁদা গন্ধ
সূর্য ওঠেনি আজ
চলাফেরা পথে বন্ধ
শুনি না ভোরের গান
শ্রমিক যায় না কলে
আকাশে চিকন চাঁদ
এখনও নিয়ন জ্বলে
সলতে পুড়িয়ে প্রদীপ
ভগ্ন হৃদয়ে ভাবে
এ কোন সকাল আজ
লজ্জা কে ঘোচাবে