Оберіть трек для відтворення
অনেক পাওয়ার মাঝে মাঝে
কবে কখন একটুখানি পাওয়া
সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
দিনের পরে দিন চলে যায়
যেন তারা পথের স্রোতেই ভাসা
বাহির হতেই তাদের যাওয়া-আসা
কখন আসে একটি সকাল
সে যেন মোর ঘরেই বাঁধে বাসা
সে যেন মোর চিরদিনের চাওয়া
হারিয়ে-যাওয়া আলোর মাঝে
কণা কণা কুড়িয়ে পেলেম যারে
রইল গাঁথা মোর জীবনের হারে
সেই-যে আমার জোড়া-দেওয়া
ছিন্ন দিনের খন্ড আলোর মালা
সেই নিয়েই আজ সাজাই আমার থালা
এক পলকের পুলক যত
এক নিমেষের প্রদীপখানি জ্বালা
একতারাতে আধখানা গান গাওয়া